বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ বুধবার (১২ আগস্ট)।
এই বিশেষ দিনে তাকে স্মরণ করতে বনানী কবরস্থানে তার মাজারে জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি এবং দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার স্মরণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
ব্যক্তিগত জীবনে প্রচারবিমুখ ও অন্তর্মুখী স্বভাবের ছিলেন আরাফাত রহমান কোকো। রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় তিনি জনসমক্ষে আলোচনায় থাকলেও সাধারণ জীবনযাপন করতেই বেশি পছন্দ করতেন। তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তার অবদান ছিল বিশেষ উল্লেখযোগ্য। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করা আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই।
মৃত্যুর পর থেকে প্রতি বছর তার জন্মদিনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কবর জিয়ারত, দোয়া মাহফিল এবং আলোচনা সভার মতো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে শ্রদ্ধা জানিয়ে আসছেন।