খুলনার রূপসা উপজেলায় মধ্যরাতে এক ইটভাটায় ঢুকে ফখরুল শেখ নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকস নামক ইটভাটায় এই নৃশংস ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফখরুল শেখ রূপসা কলেজের সাবেক ছাত্রদল নেতা এবং বর্তমানে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার দুটি মেয়ে রয়েছে।
স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, মেসার্স রূপসা ব্রিকস ইটভাটাটি ফখরুলদেরই মালিকানাধীন। ভাটায় মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার স্বার্থে তিনি মাঝেমধ্যে রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন। মঙ্গলবার রাতেও তিনি ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। এরপর তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনা প্রসঙ্গে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, "পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"