চলতি বছরের দাখিল পরীক্ষায় বরিশাল জেলার চারটি মাদ্রাসার কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে না পারায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের শোকজ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী ২৩ আগস্ট বোর্ড কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক কারণ দর্শানোর নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়।
বোর্ড সূত্রে জানা গেছে, শূন্য পাস করা এই চারটি মাদ্রাসার মধ্যে দুটি বাকেরগঞ্জ এবং দুটি উজিরপুর উপজেলায় অবস্থিত। এই চার প্রতিষ্ঠান থেকে মোট ৪৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন, যাদের সবাই অকৃতকার্য হয়েছেন।
বিস্তারিত তথ্যে জানা যায়, বাকেরগঞ্জ উপজেলার নলুয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৬ জন এবং মধ্য বাদলপাড়া এমরানিয়া দাখিল মাদ্রাসা থেকে ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেন। এছাড়া উজিরপুর উপজেলার মুন্সীরতাল্লুক বালিকা আলিম মাদ্রাসা থেকে ৭ জন এবং লস্করপুর বড়াকোঠা বালিকা দাখিল মাদ্রাসা থেকে ১৭ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন।
এই পরিস্থিতি নিয়ে সিনিয়র সাংবাদিক শাহীন হাফিজ বলেন, "একটি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী অকৃতকার্য হওয়া কেবল শিক্ষার্থীদের ব্যর্থতা হতে পারে না। এটি প্রতিষ্ঠানের পাঠদানের নিম্নমান ও তদারকির অভাবকেই স্পষ্ট করে। শিক্ষকদের গাফিলতি ছিল কি না তা জবাবদিহির আওতায় আনা জরুরি। এখন দেখতে হবে বোর্ডের কাছে দেওয়া ব্যাখ্যায় প্রকৃত কারণ কতটা উঠে আসে এবং ব্যর্থতার দায় কার ওপর বর্তায়।"