দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। পর্তুগালের এক ঘনিষ্ঠ আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই তারকা জুটি।
যুক্তরাষ্ট্রের বিনোদন বিষয়ক সাময়িকী পিপল-এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১১ আগস্ট) পর্তুগালের উপকূলীয় শহর কাসকাইসে বিয়ে করেন রোনালদো ও জর্জিনা। একান্ত এই অনুষ্ঠানে তাদের পাঁচ সন্তান উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বিয়ের খবরটি নিশ্চিত করেছেন রোনালদো। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুজনের হাত ও বিয়ের আংটির একটি ছবি প্রকাশ করে ৪১ বছর বয়সী এই ফুটবলার ক্যাপশনে লিখেছেন, ‘সি❤️জি’।
ঠিক এক বছর আগে ২০২৫ সালের ১১ আগস্ট রোনালদোর সঙ্গে বাগদানের কথা জানিয়েছিলেন জর্জিনা। বড় হীরার আংটি পরা একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবন এবং আমার প্রতিটি জীবনে।’
বাগদানের এক বছর পূর্তির দিনেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা। তবে ভবিষ্যতে বড় কোনো অনুষ্ঠান বা বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করা হবে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
২০১৬ সালে মাদ্রিদের একটি গুচি বিপণিবিতানে বিক্রয়কর্মী হিসেবে কর্মরত জর্জিনার সঙ্গে প্রথম পরিচয় হয় রিয়াল মাদ্রিদের হয়ে খেলা রোনালদোর। ২০১৭ সালের জানুয়ারিতে ফিফার বর্ষসেরা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রথমবারের মতো প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় তাদের। পরবর্তীতে ওই বছরের মে মাসে জর্জিনার সঙ্গে ছবি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা জানান রোনালদো।
দীর্ঘ এই সম্পর্কের সময়ে তারা পাঁচ সন্তানকে বড় করেছেন। রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র, যমজ সন্তান এভা ও মাতেও এবং দুই মেয়ে আলানা ও বেলা। ২০২২ সালে যমজ সন্তানের জন্মের সময় ছেলে আনহেলকে হারানোর শোকও একসঙ্গে কাটিয়েছেন তারা।
জর্জিনাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে বর্ণনা করেছেন রোনালদো। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সম্পর্কের শুরুতে এটি এত দূর যাবে বলে ভাবেননি, তবে সময়ের সঙ্গে বুঝতে পারেন জর্জিনাই তার জীবনের প্রকৃত সঙ্গী।
বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন চলছিল। সম্প্রতি মাদেইরার ফুনশাল ক্যাথেড্রালে অন্য এক দম্পতির বিয়েকে রোনালদো-জর্জিনার বিয়ে মনে করে শত শত সমর্থক সেখানে ভিড় করেছিলেন। সেই ভুল তথ্যের প্রতিক্রিয়ায় হাসির ইমোজিও দিয়েছিলেন রোনালদো। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে কাসকাইসে নীরবেই বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন পর্তুগিজ সুপারস্টার।