পাবনার আটঘরিয়া উপজেলার মাঝপাড়া ইউনিয়নের পারখিদিরপুর কুমারগাড়ী বাজার এলাকায় একটি মিনি তেলপাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুনে পাম্পের দুটি তেলের ট্যাংকি, তিনটি দোকান এবং সংলগ্ন ভবনের একটি অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এই ঘটনায় অন্তত ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তোরাব আলীর মালিকানাধীন ওই মিনি পাম্পে আগুন লাগে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নেভানোর কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে তোরাব আলী তার নিজস্ব ভবনের নিচে একটি দোকানের পাশে ডিজেল ও পেট্রোল বিক্রির জন্য এই মিনি তেলপাম্পটি স্থাপন করেন। তবে সরকারি কোনো অনুমোদন ছাড়াই স্থানীয়ভাবে পাম্পটি পরিচালিত হচ্ছিল।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, মঙ্গলবার রাতে পাম্পে তেল নামানোর সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাম্পের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে দুটি তেলের ট্যাংকি, তিনটি দোকান ও ভবনের একটি অংশ পুড়ে যায় এবং পাশের আরও দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

আটঘরিয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাসান আলী জানান, "তিনটি ইউনিট দেড় ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে।"

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিক হিসাবে পুড়ে যাওয়া দোকান ও তেলপাম্পসহ মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২২ লাখ টাকা।"