জাতীয়তাবাদী যুবদলের সম্প্রতি ঘোষিত কমিটির পুনর্গঠন এবং ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন পদবঞ্চিত একদল সিনিয়র নেতা। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে সচিবালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ গত ৪ জুন ঘোষিত ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে স্বজনপ্রীতি, পদবাণিজ্য এবং অনৈতিক পন্থায় দীর্ঘকাল নিষ্ক্রিয়, অপরিচিত ও বিতর্কিত ব্যক্তিদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
পদবঞ্চিত নেতারা তাদের দাবির প্রেক্ষিতে বর্তমান যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানান যেন অযোগ্য, বিতর্কিত ও অনৈতিক উপায়ে পদ বাগিয়ে নেওয়া ব্যক্তিদের নাম ও পদবি উল্লেখ করে অতি দ্রুত সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়। একই সঙ্গে তারা একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিতর্কিতদের বহিষ্কার করে রাজপথের ত্যাগী নেতাদের মূল কমিটিতে অন্তর্ভুক্তির দাবি জানান।
নেতাদের অভিযোগগুলো মনোযোগ দিয়ে শোনার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের আশ্বস্ত করেন। তিনি বলেন, "যুবদলের কমিটি নিয়ে বিদ্যমান সমস্যা সম্পর্কে আমি এবং দলের চেয়ারম্যান সম্পূর্ণ অবগত আছি। খুব দ্রুত সময়ের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু সমাধান করা হবে।"
সাক্ষাৎকারে উপস্থিত পদবঞ্চিত সিনিয়র নেতাদের মধ্যে ছিলেন ছাত্রদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, সাবেক সহসভাপতি মো. হুমায়ুন কবির, যুবদলের সাবেক গ্রাম সরকারবিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক অলি উদ্দিন সুমন দেওয়ান, সাবেক সহক্রীড়াবিষয়ক সম্পাদক আমান উল্লাহ বিপুল, মাহমুদ খান ও মাইন উদ্দিন সুজন প্রমুখ।