তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে শিল্পের বাস্তব পরিস্থিতি, প্রযুক্তিগত সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতার বিষয়টি বিবেচনায় নিয়ে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
মঙ্গলবার (১১ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় পোশাক শিল্পের পরিবেশগত ব্যবস্থাপনার বিভিন্ন কারিগরি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে ইটিপি (ETP) থেকে নির্গত পানির কালার প্যারামিটার, জিরো লিকুইড ডিসচার্জ (ZLD) বাস্তবায়ন, পানির পুনর্ব্যবহার (৩আর পলিসি) এবং স্লাজ ব্যবস্থাপনা অন্যতম ছিল। অনুষ্ঠানে বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান শিল্পখাতের বিদ্যমান কারিগরি ও বাস্তব চ্যালেঞ্জগুলো লিখিত আকারে উপস্থাপন করেন।
দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও রপ্তানি আয়ে তৈরি পোশাক খাতের বিশাল অবদান উল্লেখ করে পরিবেশমন্ত্রী বলেন, "পরিবেশ রক্ষার লক্ষ্য অক্ষুণ্ণ রেখে শিল্পের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে যৌক্তিক ও বিজ্ঞানভিত্তিক সমাধানের পথ খুঁজে বের করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।"
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, "পরিবেশ সুরক্ষার সঙ্গে শিল্পের টেকসই উন্নয়নের সমন্বয় জরুরি।" তিনি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পানি ও প্রাকৃতিক সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করে দূষণ নিয়ন্ত্রণে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।