ধর্ষণের অভিযোগে পশ্চিমবঙ্গের হুগলি জেলা থেকে গ্রেপ্তার হয়েছেন আইপিএল দল দিল্লি ক্যাপিটালস ও বাংলার ক্রিকেটার অভিষেক পোরেল। এক মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীর করা অভিযোগের ভিত্তিতে পুলিশ এই পদক্ষেপ নিয়েছে।
হুগলির মগরা থানায় দায়ের করা অভিযোগে ওই শিক্ষার্থী জানিয়েছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এই ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান। এছাড়া গোপন মুহূর্তের ছবি ও ভিডিও রেকর্ড করে পরবর্তীতে তা দিয়ে তাঁকে ভয় দেখানোর অভিযোগও তোলা হয়েছে।
পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর অভিষেক পোরেলকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয় এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়। বর্তমানে মামলাটি হুগলির চুঁচুড়া আদালতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।
তদন্তে গতি আনতে অভিযোগকারী সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। শুনানি শেষে আদালত পুলিশকে অবিলম্বে অভিযুক্ত ক্রিকেটারকে গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, মগরা থানা পুলিশ পোরেলের সব ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। ব্যক্তিগত ছবি বা ভিডিও যেন ছড়িয়ে পড়তে না পারে, সেই উদ্দেশ্যেই হাইকোর্ট এই নির্দেশনা দেন। তদন্তের স্বার্থে পুলিশ ইতিমধ্যে একটি পেনড্রাইভ বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে।
অভিযোগকারী শিক্ষার্থীর প্রথম এজাহারে উল্লেখ করা হয়েছে যে, এই ক্রিকেট তারকা তাঁকে বেআইনিভাবে আটকে রেখেছিলেন এবং খাবার না দিয়ে সম্পূর্ণ একা করে রাখা হয়েছিল। এর ফলে ওই শিক্ষার্থী শারীরিকভাবে এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তিনি হাঁটতে পারছিলেন না।
অভিযোগকারী আরও জানান, দুই পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তা চূড়ান্ত হওয়ার পথেই ছিল। তবে ক্রিকেটারের একাধিক নারীর সঙ্গে সম্পর্কের কথা জানতে পেরে তাঁদের সম্পর্কের অবনতি ঘটে।
উল্লেখ্য, অভিষেক পোরেল বাংলার ক্রিকেটে পরিচিত মুখ। ২০২১-২২ মৌসুমে বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। পরবর্তীতে তিনি ভারত ‘এ’ দলেও ডাক পান। ২০২৩ সালে দিল্লি ক্যাপিটালসের দলে যোগ দেওয়া অভিষেক আইপিএলে দিল্লির হয়ে ৩৫ ম্যাচে ৭৬৯ রান করেছেন।