নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরল নাইট্রোজেনবাহী একটি ট্রাক বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে। মঙ্গলবার সকাল ছয়টার দিকে বনপাড়া এলাকার মোল্লা হোটেল-সংলগ্ন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণের পরপরই ট্রাক থেকে বিপুল পরিমাণ গ্যাস নির্গত হয়ে আশপাশের ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা ঘন সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, তরল নাইট্রোজেন বহনকারী গাড়িটি যশোরের বেনাপোল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বাইপাস এলাকার মোল্লা হোটেলের সামনে পৌঁছানোর পর সেটি বিস্ফোরিত হয়। গাড়িতে প্রায় ৭০ লাখ টাকার তরল নাইট্রোজেন গ্যাস ছিল, যার প্রায় পুরোটাই বেরিয়ে গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও মোল্লা হোটেলের মালিক শাহেদ আলী মোল্লা মুক্তকণ্ঠকে বলেন, "ট্রাকটি হোটেলের সামনে দাঁড়িয়ে ছিল। হঠাৎ ছিদ্র হয়ে বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে সাদা কুয়াশার মতো ঘন গ্যাস আশপাশের ৩০০ থেকে ৪০০ মিটার এলাকায় ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে তাঁরা দ্রুত নিরাপদ দূরত্বে সরে যান এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।"

পরবর্তীতে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং হাইওয়ে পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২৫ জুলাই একই মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নাইট্রোজেনবাহী আরেকটি ট্রাক উল্টে গিয়েছিল।