সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসরে নিজেদের দলে ধরে রাখল দুবাই ক্যাপিটালস। তবে নিলামের আগেই দল থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। এমআই এমিরেটস ও শারজা ওয়ারিয়র্স এই দুই বাংলাদেশি তারকাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হবে ১ অক্টোবর। নিলামের আগে আজ দলগুলো তাদের ধরে রাখা এবং নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। দুবাই ক্যাপিটালস মোস্তাফিজুর রহমান ছাড়াও রোভম্যান পাওয়েল, মার্কাস স্টয়নিস ও নূর আহমেদকে ধরে রেখেছে।
গত আসরে দুবাইয়ের হয়ে ৮টি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মোস্তাফিজ। বাঁহাতি এই পেসার ওই ৮ ম্যাচে ১৫ উইকেট শিকার করে দলকে প্লে-অফে পৌঁছে দিয়েছিলেন।
অন্যদিকে, মোস্তাফিজের তুলনায় গত আসরে আশানুরূপ ফল করতে পারেননি সাকিব ও তাসকিন। এমআই এমিরেটসের হয়ে ৮ ম্যাচে ৫ ইনিংসে মাত্র ১২২.৩৪ স্ট্রাইক রেটে ১১৫ রান করেছেন সাকিব। বল হাতে তিনি পেয়েছেন ৩ উইকেট।
সাকিবের চেয়ে কিছুটা ভালো পারফর্ম করেছিলেন তাসকিন। শারজা ওয়ারিয়র্সের হয়ে ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। তবে এবার শারজা কেবল সিকান্দার রাজাকে ধরে রেখেছে। নতুন চুক্তির আওতায় তারা দলে নিয়েছে অ্যাডাম মিলনে, জেমস ভিন্স ও ওয়াকার সালামখিলকে।