বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন ঋণ প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘উদ্যোগ’।

এই প্রকল্পের আওতায় বেকার যুবকদের সহজ শর্তে ঋণ প্রদানের পরিকল্পনা করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি)-র সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে নতুন এই ঋণ প্রকল্পের কাঠামো, তহবিলের আকার এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জানা গেছে, নতুন এই কর্মসূচিতে বিশেষত গ্রামের শিক্ষিত বেকার যুবকদের অগ্রাধিকার দেওয়া হবে। তাদের ব্যবসা বা আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করার লক্ষ্যেই সহজ শর্তে অর্থায়নের এই ব্যবস্থা করা হচ্ছে।

প্রকল্পের ঋণের সুদের হার, জামানতের শর্তাবলি, সর্বোচ্চ ঋণসীমা এবং ঋণ প্রাপ্তির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে বলে জানা গেছে।