মহাদেশীয় ক্লাব ফুটবলে নিজেদের অভিষেক ম্যাচটি স্মরণীয় করে রাখল বাংলাদেশের ক্লাব ফর্টিস এফসি। কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে পরাজিত করে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।

মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এই ঐতিহাসিক জয়ের নায়ক মোহাম্মদ ইব্রাহিম। তার করা একমাত্র গোলের ব্যবধান শেষ বাঁশি পর্যন্ত ধরে রেখে এএফসির কোনো প্রতিযোগিতায় প্রথমবারের মতো খেলতে নেমেই গ্রুপপর্বের টিকিট নিশ্চিত করল ফর্টিস। এএফসি অভিযান সামনে রেখেই ঢাকা আবাহনী থেকে ইব্রাহিমকে দলে এনেছিল ফর্টিস, আর গুরুত্বপূর্ণ ম্যাচে তার গোলেই সফল হলো ক্লাবের সেই সিদ্ধান্ত।

এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বের লড়াইটি ছিল মাত্র এক ম্যাচের। ফলে হারলে বিদায় এবং জিতলে সরাসরি গ্রুপপর্বে ওঠার সুযোগ ছিল। এমন চাপের ম্যাচে অভিজ্ঞ প্রতিপক্ষকে হারিয়ে বড় সাফল্য পেল বাংলাদেশ ফুটবল লিগের সর্বশেষ মৌসুমে তৃতীয় স্থান অর্জনকারী ফর্টিস।

মূলত বিশেষ পরিস্থিতির কারণেই এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পায় ফর্টিস। গত মৌসুমে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং রানার্সআপ ঢাকা আবাহনী ফিফার নিবন্ধন নিষেধাজ্ঞার কারণে এএফসি ক্লাব লাইসেন্স পায়নি। ফলে সুযোগ আসে তৃতীয় হওয়া ফর্টিস ও চতুর্থ হওয়া বাংলাদেশ পুলিশ এফসির সামনে।

হঠাৎ পাওয়া এই সুযোগ কাজে লাগাতে নতুন করে দল সাজায় ফর্টিস। ঘরোয়া মৌসুম শেষ হওয়ার পর দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে থাকলেও, প্রস্তুতির ঘাটতি মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলতে দেয়নি মাসুদ পারভেজ কায়সারের দল।

অন্যদিকে, মুরাস ইউনাইটেড নিয়মিত কিরগিজস্তানের ঘরোয়া লিগে খেলার পাশাপাশি এএফসি প্রতিযোগিতার অভিজ্ঞতাও রাখে। গত মৌসুমের প্রাথমিক পর্বে ঢাকায় আবাহনীকে ২-০ গোলে হারিয়ে মূলপর্বে উঠে তারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। তবে এবার বাংলাদেশের আরেক ক্লাবের কাছে হেরে ঢাকা ছাড়তে হচ্ছে তাদের।

২০২৬-২৭ মৌসুমের প্রাথমিক পর্বে মোট ১৮টি ক্লাব নয়টি এক ম্যাচের লড়াইয়ে অংশ নিচ্ছে। প্রতিটি ম্যাচের জয়ী দল এশিয়ার তৃতীয় স্তরের এই ক্লাব প্রতিযোগিতার গ্রুপপর্বে জায়গা করে নিচ্ছে।

একই দিনে এএফসি চ্যালেঞ্জ লিগে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের আরেক প্রতিনিধি পুলিশ এফসির। বাংলাদেশ সময় রাত ১১টায় জর্ডানের আম্মানে সিরিয়ার আল ইত্তিহাদ আহলি অব আলেপ্পোর মুখোমুখি হবে তারা।