মুন্সীগঞ্জের সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরোনো সিলিং ফ্যান, বিদ্যুতের মিটার ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় গ্যারেজে থাকা গুরুত্বপূর্ণ বেশকিছু সম্পদ আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে সিরাজদিখান বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

তিনি আরও জানান, আগুনে গ্যারেজে থাকা পুরোনো সিলিং ফ্যান, মিটার ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে গ্যারেজে থাকা একটি ডাবল-কেবিন পিকআপ, সাতটি মোটরসাইকেল, দুটি ট্রান্সফরমার ও গ্যারেজের অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে।