অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত হতে যাওয়া টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের হাই পারফরম্যান্স (এইচপি) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলের নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটার ইরফান শুক্কুর।
আগামী ১৪ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ এইচপি দল। ডারউইনে আয়োজিত এই নয় দলের টুর্নামেন্টটি শুরু হবে ২১ আগস্ট এবং এর ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট।
ঘোষিত দলে জাতীয় দলের অভিজ্ঞতার সুযোগ পাওয়া সাব্বির রহমান, শামীম হোসেন ও আবু হায়দার রনি জায়গা করে নিয়েছেন। তাদের পাশাপাশি দলে রয়েছেন জিসান আলম, মেহরব হাসান, রাকিবুল হাসান, রিপন মন্ডল ও মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো প্রতিশ্রুতিবান তরুণ ক্রিকেটাররা।
টুর্নামেন্টের লিগ পর্বে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে। বাংলাদেশ এইচপির প্রতিপক্ষ হিসেবে থাকছে নেপাল, হোবার্ট হারিকেনস, ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স, নিউজিল্যান্ড ‘এ’ এবং স্বাগতিক নর্দার্ন টেরিটরি স্ট্রাইক।
আগামী ২২ আগস্ট বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হবে। পরদিন হোবার্ট হারিকেনসের মুখোমুখি হবে ইরফানের নেতৃত্বাধীন দল। এরপর ২৪ আগস্ট ভিক্টোরিয়া এবং ২৫ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একদিনের বিরতির পর ২৭ আগস্ট নিউজিল্যান্ড ‘এ’ দলের মুখোমুখি হবে তারা। লিগ পর্বের শেষ ম্যাচে ২৮ আগস্ট প্রতিপক্ষ নর্দার্ন টেরিটরি স্ট্রাইক।
লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালের টিকিট পাবে। ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল এবং চূড়ান্ত ফাইনাল ম্যাচ।
টানা তৃতীয়বারের মতো এই সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ এইচপি দল। ২০২৪ সালে প্রথমবার অংশ নিয়েই ফাইনালে পৌঁছেছিল তারা, তবে শিরোপা নির্ধারণী ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে রানার্সআপ হতে হয়।
বাংলাদেশ এইচপি দল:
ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এস এম মেহরব হাসান, সামিউন বশির রাতুল, সাব্বির রহমান, রোহানাত দৌল্লাহ বর্ষণ, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আব্দুল গাফফার সাকলায়েন, রিপন মন্ডল, মো. রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।