ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দরিদ্র নারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে লালমনিরহাট জেলা মহিলা দলের সহসভাপতি শেলী খাতুনকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাতে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। বহিষ্কৃত নেত্রী শেলী খাতুন লালমনিরহাট শহরের আলোরূপা এলাকার বাসিন্দা।

জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলার যৌথ স্বাক্ষরিত এক বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়, শেলী খাতুন ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থ হাসিলের জন্য দলীয় পদ-পদবি ব্যবহার করে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছেন। এছাড়া তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদা দাবি এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

এই প্রসঙ্গে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা বলেন, "ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির জেরে একটি মারধরের ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্ত করি। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা মিললে জরুরি ভিত্তিতে বৈঠক ডেকে শেলী খাতুনকে দল থেকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।"

স্থানীয় সূত্রে জানা গেছে, দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিলেন শেলী খাতুন। অভিযোগ রয়েছে, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে তিনি দরিদ্র নারীদের কাছ থেকে কার্ডপ্রতি ১০ হাজার টাকা করে দাবি করেন। ইতিমধ্যে অন্তত চারজন নারী তাকে এই অর্থ পরিশোধ করেছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী ৫৫ বছর বয়সী আলেয়া বেওয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, "দিনমজুরি করে কোনোমতে আমার সংসার চলে। শেলী খাতুন আগে আমার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেন। পরে সাফ জানিয়ে দেন—১০ হাজার টাকা না দিলে কোনো ফ্যামিলি কার্ড দেওয়া হবে না।"

গত ৫ আগস্ট রাতে এই অভিযোগের জেরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও ভুক্তভোগী নারীরা শেলী খাতুনকে ডেকে এনে জবাবদিহি করতে বলেন। সেই সময় তিনি টাকা না দিলে কার্ড মিলবে না বলে সাফ জানিয়ে দিলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে উপস্থিত নারীরা তাকে গণধোলাই দেন।

তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন শেলী খাতুন। তিনি দাবি করেন, "আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। একটি কুচক্রী মহল ফ্যামিলি কার্ডের মিথ্যা নাটক সাজিয়ে আমাকে ফাঁসিয়েছে এবং দল থেকে বহিষ্কার করিয়েছে।"