এসএসসি ও দাখিল পরীক্ষায় অকৃতকার্য হয়ে হতাশায় থাকা শিক্ষার্থীদের মানসিক সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। পড়াশোনা ছেড়ে দেওয়া কিংবা চরম হতাশা থেকে আত্মঘাতী হওয়ার মতো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানানো হয়েছে শিক্ষার্থীদের প্রতি।
সোমবার (১০ আগস্ট) রাতে ছাত্রশিবিরের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, "প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি কিংবা দাখিল পরীক্ষায় ফেইল করে তোমাদের নিশ্চয়ই মন খারাপ। অনেকেই হয়তো পড়াশোনা ছেড়ে দেওয়ার চিন্তা করছো। আবার কেউ কেউ হয়তো তীব্র হতাশা থেকে নিজেকে শেষ করে দিতে চাচ্ছো।"
জীবন নিয়ে হতাশ হয়ে পড়া এবং আত্মীয়স্বজন বা বন্ধুদের সামনে যেতে লজ্জা পাওয়া শিক্ষার্থীদের সাথে কথা বলার অনুরোধ জানিয়েছে সংগঠনটি। বার্তায় বলা হয়, "তোমরা যারা নিজের জীবন নিয়ে হতাশ হয়ে পড়েছ, আত্মীয়স্বজন কিংবা বন্ধুদের সামনে যেতে লজ্জা পাচ্ছ তারা প্লিজ একবার আমাদের সাথে কথা বলো।"
শিক্ষার্থীদের এই কঠিন সময়ে পাশে থাকার কথা জানিয়ে ছাত্রশিবির বিশেষ ক্যারিয়ার কাউন্সেলিং সেশন এবং হেল্প কেয়ারের আয়োজন করেছে। বার্তায় উল্লেখ করা হয়, "তোমাদের এই কঠিন সময়ে ছাত্রশিবির পাশে থাকতে চায়। আমাদের স্পেশাল সেশনে জয়েন করো। তোমাদের জন্য হেল্প কেয়ারের পাশাপাশি ছাত্রশিবির আয়োজন করছে বিশেষ ক্যারিয়ার কাউন্সেলিং সেশন। সেশন পরিচালনায় থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেলসহ দেশসেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাহলে আর দেরি না করে কমেন্ট বক্সে দেওয়া গুগল ফর্মটি ফিলাপ করে গ্রুপে যুক্ত হয়ে নাও এখনই।"
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম তার ফেসবুক প্রোফাইলে একই বার্তা শেয়ার করেছেন। তিনি ওই পোস্টের কমেন্ট বক্সে গুগল লিংক প্রদান করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার আহ্বান জানান।