বিশ্বকাপ জয়ের পর ক্যামেরার সামনে দেওয়া কথা রাখতে ব্যর্থ হলেন ফেরান তোরেস। স্পেন চ্যাম্পিয়ন হলে মাথা ন্যাড়া করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তবে স্পেন শিরোপা জিতলেও সাফোয়েলা প্রাসাদে রাজপরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে তোরেস হাজির হন তার সেই পুরোনো চুল নিয়েই।

সেই মুহূর্তে প্রিন্সেস লেওনর বিষয়টি মনে করিয়ে দিয়ে সরাসরি প্রশ্ন করেন, ‘তুমি না মাথা কামাবে বলেছিলে?’ প্রশ্নের মুখে পড়ে কিছুটা অপ্রস্তুত হয়ে তোরেস উত্তর দেন, ‘না, না।’ রাজপরিবারের সামনে এই কথোপকথনের ভিডিওটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

পরবর্তীতে নিজের শহর ফইওসে এক সংবর্ধনা অনুষ্ঠানে আবারও এই প্রসঙ্গ সামনে আসে। উপস্থাপক মানোলো মাস সরাসরি তোরেসকে জিজ্ঞেস করেন, ‘শুনলাম প্রিন্সেস লেওনর নাকি কিছু একটা বলেছিলেন তোমাকে।’

উপস্থিত দর্শকদের প্রবল উৎসাহের মুখে তোরেস কৌশলে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, ‘এই প্রশ্নের জবাব আমার দেওয়া ঠিক না। জনতাকেই জিজ্ঞেস করুন, ওরা চায় কি না আমি চুল কামাই।’

দর্শকরা একসুরে মাথা কামানোর পক্ষে মত দিলেও শেষ পর্যন্ত তোরেস তা মানতে রাজি হননি। তিনি সাফ জানিয়ে দেন, ‘চুল কাটা যাবে না, দাদি না বলেছেন।’ তার এই এক কথাতেই শেষ হয় পুরো বিতর্ক।

মজার বিষয় হলো, বিশ্বকাপ জয়ের শর্তে অদ্ভুত প্রতিশ্রুতি দিয়েছিলেন আরও কয়েকজন ফুটবলার, যারা তা যথাযথভাবে পালন করেছেন। মার্ক কুকুরেয়া কথা দিয়েছিলেন স্পেন চ্যাম্পিয়ন হলে কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখ নিজের হাতে খোদাই করবেন এবং ট্রফি জেতার কয়েক দিনের মধ্যেই সেই ট্যাটু করে নেন। এছাড়া গাভি তার চুল গোলাপি রঙে রাঙান এবং পেদ্রিও চুল করেন সোনালি। তিন ফুটবলারই কথা রাখলেও একমাত্র তোরেসই দিলেন ফাঁকি।