কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আটক যুবকের নাম আজিবর রহমান (২৪)। তিনি উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১০ আগস্ট) মধ্যরাতে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে সীমান্তের ৯৮৮ নম্বর পিলারের কাছ দিয়ে আজিবর রহমান ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। এসময় বিএসএফ সদস্যদের সামনে পড়লে তাকে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর এলাকার সীমান্তসংলগ্ন ভারতীয় ভূখণ্ডে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, "বাংলাদেশের এক নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে। তাকে ফিরিয়ে আনতে আইনগত প্রক্রিয়া চলমান।"
বিজিবি সূত্রে আরও জানা গেছে, আজিবর রহমানকে দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে যোগাযোগ চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।