রাঙামাটির লংগদু উপজেলায় শারীরিক ও মানসিকভাবে অসুস্থ এক নারীকে অস্ত্রের মুখে অপহরণ করে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা প্রথমে তাদের ধরে পুলিশে সোপর্দ করেন।
আটককৃতদের পরিচয় পাওয়া গেছে—বাইট্টাপাড়া গ্রামের ইসমাইল (৩০) এবং নাছির (৩২)।
ঘটনাটি ঘটে সোমবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বাইট্টাপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ এবং ভিক্ষা করে জীবনধারণ করেন। ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা তাকে ধারালো অস্ত্রের মুখে ভয় দেখিয়ে একটি অটোরিকশায় তুলে নিয়ে ইসমাইলের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।
ঘটনার কথা জানতে পেরে স্থানীয় লোকজন দ্রুত ইসমাইলের বাড়ি ঘেরাও করেন। এরপর ঘরের দরজা খুলে ভেতর থেকে ওই নারীকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত দুই যুবককে হাতেনাতে ধরে বাইট্টাপাড়া বাজারে নিয়ে আসা হয়। খবর পেয়ে লংগদু থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, "স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অভিযুক্ত দুজনকে আটক করে থানায় আনা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদের আদালতে পাঠানো হবে।"