আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থীর নাম ঘোষণা করবেন। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ভারপ্রাপ্ত স্পিকার ও নির্বাচন কমিশন (ইসি) সচিবের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মণি।

চিফ হুইপ নুরুল ইসলাম মণি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোট আয়োজনের লক্ষ্যে জাতীয় সংসদের কোনো বিশেষ অধিবেশন ডাকা হবে না। পরিবর্তে নির্বাচন কমিশন একটি বৈঠকের আয়োজন করবে।

নির্বাচনে ভোটদান প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসারে নির্বাচনে সংসদ সদস্যদের নিজ দলের বিরুদ্ধে গিয়ে ভোট দেওয়ার সুযোগ নেই।’

বর্তমান সরকার স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন হলে পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দেওয়ার স্বাধীনতা থাকবে।’

অন্যদিকে, অনুষ্ঠানে উপস্থিত বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বলেন, ‘জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হলে সংসদ সদস্যদের স্বাধীনতা অক্ষুন্ন থাকার সুযোগ ছিলো। ক্ষমতা বাড়তো রাষ্ট্রপতির। সরকার জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও ধীরে ধীরে বেশকিছু বিষয় আগের মতোই হয়ে আসছে।’

সংসদ সদস্যদের ভোটদানের স্বাধীনতা খর্ব হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম জানান, সরকারের ঘোষিত অবস্থান থেকে জুলাই সনদ বাস্তবায়নের কোনো ইতিবাচক আভাস পাওয়া যাচ্ছে না, যা তাদের মধ্যে গভীর শঙ্কার সৃষ্টি করেছে।