জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরসহ দেশের সকল জাদুঘর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগের আওতায় সপ্তাহে অন্তত একদিন কোনো টিকিট ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করতে পারবেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তথ্য উপদেষ্টা জানান, জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে শিক্ষার্থীদের প্রবেশের জন্য একটি নির্দিষ্ট দিন নির্ধারণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে স্কুলের উচ্চতর শ্রেণির শিক্ষার্থীরা এই সুযোগ পাবেন। এই সুবিধা কেবল সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য নয়, বরং পর্যায়ক্রমে সব ধরনের স্কুলের শিক্ষার্থীদের এর আওতায় আনা হবে।
শিক্ষার্থীদের টিকিটের বিষয়ে জানতে চাওয়া হলে উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, ‘টিকিট ফ্রি, ইটস ফ্রি অব কষ্ট।’
তিনি আরও উল্লেখ করেন যে, এই উদ্যোগ কেবল একটি জাদুঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। শাহবাগের জাতীয় জাদুঘরসহ সংস্কৃতি মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়ের অধীনে থাকা ঢাকার বাইরের সব জাদুঘরেও সরকারি ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
উদ্বোধনের পর থেকে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ ও ভিড়ের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, শুরুর দিকে অতিরিক্ত মানুষের ভিড়ের কারণে একদিন সামান্য ব্যবস্থাপনার সমস্যা দেখা দিয়েছিল। তবে দ্রুত তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে এবং বর্তমানে অত্যন্ত শৃঙ্খলার সঙ্গেই দর্শনার্থীরা জাদুঘর পরিদর্শন করছেন।
শিক্ষার্থীদের নিয়মিত জাদুঘরে উৎসাহিত করা এবং দেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাবলি সম্পর্কে সরাসরি প্রত্যক্ষ ধারণা তৈরির লক্ষ্যেই সরকারের এই পদক্ষেপ বলে জানান ডা. জাহেদ উর রহমান।