নেত্রকোনার দুর্গাপুরে লোকালয়ে ঢুকে পড়া একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ফারংপাড়া এলাকার মাদ্রাসাতুল ইনসাফ মাদ্রাসা থেকে বানরটিকে উদ্ধার করা হয়।

পরিবেশ ও বন্য প্রাণী রক্ষায় কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন 'সেভ দ্য এনিমেলস অব সুসং'-এর সদস্যরা উদ্ধার অভিযানটি পরিচালনা করেন। উদ্ধার করার পর ওই রাতেই বানরটিকে উপজেলার গোপালপুর পাহাড়ে অবমুক্ত করা হয়।

মাদ্রাসাতুল ইনসাফের পরিচালক মাহমুদুল হক জানান, সোমবার সন্ধ্যার পর মাদ্রাসার চত্বরে একটি অচেনা প্রাণী দেখতে পান শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রাণীটি মাদ্রাসার বাউন্ডারি নেটের ওপর দিয়ে চলাফেরা করছিল। এরপর সেটিকে ধরে একটি খাঁচায় রাখা হয় এবং সেভ দ্য এনিমেলস অব সুসং-এর স্বেচ্ছাসেবকদের খবর দেওয়া হয়। তাঁরা এসে প্রাণীটিকে লজ্জাবতী বানর হিসেবে শনাক্ত করেন।

বিরল এই বানরটি দেখার জন্য স্থানীয়দের মধ্যে ব্যাপক ভিড় জমে। পরবর্তীতে রাত ৯টার দিকে সেটিকে উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়।

সেভ দ্য এনিমেলস অব সুসং-এর সভাপতি রিফাত আহমেদ বলেন, "খবর পাওয়ার পরপরই তাঁরা বানরটি উদ্ধার করেন। প্রাণীটি সুস্থ থাকায় রাতেই গোপালপুর পাহাড়ে অবমুক্ত করা হয়েছে।" তাঁর ধারণা, খাবারের সন্ধানেই বানরটি লোকালয়ে চলে এসেছিল। তিনি আরও জানান, এ পর্যন্ত তাদের স্বেচ্ছাসেবকেরা প্রায় ১৬টি লজ্জাবতী বানর উদ্ধার করে বনে ফিরিয়ে দিয়েছেন।

দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা মজনু প্রামাণিক জানান, লজ্জাবতী বানর উদ্ধারের বিষয়টি স্বেচ্ছাসেবকেরা বন বিভাগকে অবহিত করেছেন। পরবর্তীতে বন বিভাগের দিকনির্দেশনা অনুযায়ী প্রাণীটিকে বনে অবমুক্ত করা হয়। তিনি উল্লেখ করেন, দুর্গাপুর এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় এখানে প্রায়ই বানর, অজগরসহ বিভিন্ন বন্য প্রাণী লোকালয়ে চলে আসে।