চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় এক অনন্য সাফল্য অর্জন করেছে যমজ ভাই-বোন কৌশিক ঘোষ ও সুপ্তি ঘোষ। তারা উভয়েই জিপিএ-৫ পেয়েছে।

কৌশিক ও সুপ্তি উপজেলার ঘোষপাড়া এলাকার সজল চন্দ্র ঘোষ ও মনি রানী ঘোষ দম্পতির সন্তান। তাদের বাবা উপজেলা সদর বাজারে ক্ষীর, দধি ও মিষ্টির ব্যবসা করেন এবং মা একজন গৃহিণী।

কেএফটি কলেজিয়েট স্কুলের বিজ্ঞান শাখা থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় এই দুই যমজ। একই পরিবারের দুই সন্তানের এই অসাধারণ সাফল্যে তাদের পরিবারে এখন আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। বাবা সজল ঘোষ বলেন, “একই সঙ্গে ছেলে–মেয়ের ভালো ফলে তাঁদের পরিবারের সবাই খুশি।” তিনি সবার কাছে তার সন্তানদের জন্য শুভকামনা প্রার্থনা করেন।

সাফল্যের জন্য নিজেদের বাবা-মা, স্কুলের শিক্ষক এবং অধ্যক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কৌশিক ও সুপ্তি। ভবিষ্যতে কৌশিক একজন বায়োকেমিস্ট হতে চায় এবং সুপ্তি চিকিৎসাবিজ্ঞানে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন দেখছে।

কেএফটি কলেজিয়েট স্কুলের প্রভাষক বদিউল আলম বাবু জানান, এবার তাদের প্রতিষ্ঠান থেকে মোট ৭৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ২৩ জন জিপিএ-৫ পেয়েছে। প্রতিষ্ঠানের overall কৃতকার্যের হার ৯৮ দশমিক ৬৪ শতাংশ। একই পরিবারের দুই যমজ ভাই-বোনের এই সাফল্যে তারা অত্যন্ত আনন্দিত বলে জানান তিনি।