নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের দাবিতে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে নয় মাস বয়সী কন্যা সন্তানকে আছাড় দিয়ে এবং কামড়ে আহত করার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এই ঘটনায় শিশুটির মা রিনা বেগম আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছেন। মামলার অভিযুক্ত হিসেবে নরসিংদীর মাধবদী থানার কাঁঠালিয়া এলাকার সোহেল মোল্লা (২৪) ও তার সহযোগীদের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, প্রায় দুই বছর আগে সোহেল মোল্লার সঙ্গে রিনা বেগমের বিয়ে হয় এবং নয় মাস আগে তাদের একটি কন্যাসন্তান জন্ম নেয়। বিয়ের পর থেকেই যৌতুক ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সোহেল তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

নির্যাতন সহ্য করতে না পেরে গত ৫ আগস্ট রিনা তার মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। এর দুই দিন পর, ৭ আগস্ট সকাল ১০টার দিকে আড়াইহাজার পৌরসভার কামরানীরচর মধ্যপাড়া এলাকায় রিনার বাবার বাড়িতে যান সোহেল। সেখানে গিয়ে তিনি শিশুটিকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। রিনা ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে ক্ষিপ্ত হয়ে সোহেল শিশুটিকে খাট থেকে মেঝেতে আছাড় মারেন। এতে শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে এবং নাক-মুখ দিয়ে রক্তপাত শুরু হয়। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে যে, পরবর্তীতে সোহেল শিশুটির বাম পায়ের ঊরুতে কামড় দিয়ে জখম করেন।

ঘটনার সময় রিনা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এসময় রিনা ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে সোহেল সেখান থেকে পালিয়ে যান। আহত শিশুকে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী মা রিনা বলেন, "যৌতুককে কেন্দ্র করে স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে তার পারিবারিক বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় তাকে নির্যাতনের পর এবার তার নয় মাসের মেয়েকে মারধর করা হয়েছে।"

শিশুটির নানা-নানি দাবি করেন, ঘটনার সময় শিশুটিকে আছাড় দেওয়ার পরও অভিযুক্ত ব্যক্তি ক্ষিপ্ত ছিলেন। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে থামান। সময়মতো স্থানীয়রা এগিয়ে না এলে শিশুটির প্রাণহানিও ঘটতে পারত বলে তারা জানান।

এই বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সোহেল মোল্লার মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন মুক্তকণ্ঠকে বলেন, "শিশুটিকে আছাড় মেরে ও কামড়ে আহত করার অভিযোগে তার মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযোগ পাওয়া মাত্রই গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিকভাবে ঘটনাটি পারিবারিক ও যৌতুক সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে বলে জানা গেছে।"

ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে জানিয়ে ওসি আরও বলেন, "অভিযুক্ত আসামি সোহেল পলাতক রয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।"