ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈন ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার (১০ আগস্ট) এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আমন্ত্রণে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে রোববার (৯ আগস্ট) বিকেলে নয়াদিল্লি থেকে ঢাকায় আসেন পরাগ জৈন। তাঁর সঙ্গে প্রতিনিধিদলে আরও ছিলেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।

একটি কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, এই সফরটি ছিল একটি নিয়মিত প্রক্রিয়া। সূত্রটি জানায়, "ডিজিএফআইয়ের কর্মকর্তারা যেমন নিয়মিত ভারত সফর করেন, তেমনি ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর কর্মকর্তারাও বিভিন্ন সময়ে বাংলাদেশে সফর করে থাকেন। এসব সফরে দুই দেশের নিরাপত্তা পরিস্থিতিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উভয় পক্ষ নিজেদের পর্যবেক্ষণ ও দৃষ্টিভঙ্গি বিনিময় করে।"

পরাগ জৈন ‘র’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) বিশেষ সচিব হিসেবেও কর্মরত আছেন। বৈঠক শেষে প্রতিনিধি দলটি নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। উল্লেখ্য, ঢাকায় আসার আগে পরাগ জৈন চীন সফর করেছেন বলেও জানা গেছে।