বরিশাল সফরের দ্বিতীয় দিনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। গৌরনদী উপজেলার সরিকলস্থ অবস্থিত মন্ত্রীর বাসভবনে আয়োজিত এই মধ্যাহ্নভোজটি ছিল কূটনৈতিক আনুষ্ঠানিকতার বাইরে দেশীয় ঐতিহ্য ও আতিথেয়তার এক মেলবন্ধন। অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীর বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন।
সোমবার (১০ আগস্ট) দুপুরের এই আয়োজনে অতিথিকে স্বাগত জানাতে পরিবেশন করা হয় বরিশালের ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যময় দেশীয় খাবার। নদীমাতৃক এই অঞ্চলের বিশেষত্ব হিসেবে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ, নানা ধরনের ভর্তা-ভাজি এবং গ্রামবাংলার চিরচেনা খাবারগুলো মেনুতে স্থান পায়।
খাবারের টেবিলে একদিকে যেমন ছিল বরিশালের নদী-জলের ইলিশ ও আইড় মাছের স্বাদ, অন্যদিকে ছিল বাঙালির চিরন্তন ভর্তা-ভাজির বৈচিত্র্য। এই আয়োজনের মাধ্যমে বিদেশি অতিথির সামনে বাংলাদেশের চিরায়ত অতিথিপরায়ণতা এবং আঞ্চলিক খাদ্য সংস্কৃতির একটি স্বতন্ত্র রূপ তুলে ধরা হয়।
মধ্যাহ্নভোজের শেষ পর্যায়ে মিষ্টান্ন হিসেবে পরিবেশন করা হয় গৌরনদীর বিখ্যাত শচীন ঘোষের রসমালাই, দধি এবং আরও কিছু ঐতিহ্যবাহী মিষ্টি। বরিশালের মানুষের উষ্ণ আতিথেয়তা, স্থানীয় খাবারের বৈচিত্র্য এবং ঐতিহ্যবাহী মিষ্টান্নের স্বাদ মিলিয়ে মার্কিন রাষ্ট্রদূতের এই মধ্যাহ্নভোজ হয়ে ওঠে এক ভিন্নধর্মী সাংস্কৃতিক অভিজ্ঞতা।