সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই আদেশ প্রদান করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে আখতারুজ্জামানের জামিনের আবেদন জানালে রাষ্ট্রপক্ষ এর তীব্র বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ডিবি-র তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মো. মাসুদুর রহমান আখতারুজ্জামানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। তবে সেদিন মামলার মূল নথি আদালতে না থাকায় তাঁকে কারাগারে পাঠানো হয় এবং রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও সাক্ষ্য-প্রমাণে আখতারুজ্জামানের মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করে তাঁদের গ্রেপ্তার, রাষ্ট্রবিরোধী অবৈধ পরিকল্পনার তথ্য উদ্ঘাটন এবং আসামির হেফাজতে থাকা অবৈধ ককটেল বোমার উৎস সম্পর্কে তথ্য জানতে তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।"
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৮ জুন সকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতা-কর্মী মিছিল বের করেন। ওই মিছিলে তাঁরা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। এছাড়া তাঁরা রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ। পরবর্তীতে ৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে।