সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এক বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাশ মন্ডল (৪৮) নামে এক মৎস্যঘের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল রাত ৮টার দিকে ফকরাবাদ মৌজায় পলাশ মন্ডলের মৎস্যঘেরের বাসায় ৩০ বছর বয়সি ওই নারীর সাথে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আশাশুনি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে ফকরাবাদ গ্রামের নরেন্দ্রনাথ মন্ডলের ছেলে পলাশ মন্ডলকে গ্রেপ্তার করে আশাশুনি থানা পুলিশ।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহম্মেদ খান মুক্তকণ্ঠকে বলেন, "মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলম অভিযান চালিয়ে সোমবার পলাশ মন্ডলকে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করেন।"
পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারের পর পলাশ মন্ডলকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।