চিত্রনায়িকা পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনসংক্রান্ত শুনানি পেছানো হয়েছে। সন্তানের অসুস্থতা এবং জন্মদিনের কারণে তিনি আদালতে উপস্থিত হতে না পারায় আগামী ২৯ সেপ্টেম্বর শুনানির নতুন দিন ধার্য করেছেন আদালত।
সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে এই মামলার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। তবে পরীমনি উপস্থিত না থাকায় তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আদালতের কাছে সময়ের আবেদন জানান।
আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়, পরীমনির সন্তানকে টিকা দেওয়ার পর তার জ্বর হয়েছে। এছাড়া আজ তাঁর সন্তানের জন্মদিন হওয়ায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ২৯ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন। পরবর্তীতে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বিষয়টি নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আনেন পরীমনি। এর কয়েক দিন পর, ওই বছরের ৪ আগস্ট তাঁর বাসায় অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র্যাব। এরপর তাঁকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। প্রায় এক মাস কারাগারে থাকার পর তিনি মুক্তি পান।
২০২১ সালের ৪ অক্টোবর সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার অন্য দুই আসামি হলেন পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তাঁর খালু কবীর হোসেন হাওলাদার।
মামলার বাদী র্যাব-১-এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করলেও, অভিযোগ গঠনের পর মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে তিন মাসের জন্য মামলার কার্যক্রম স্থগিত করেন। পরবর্তীতে উচ্চ আদালতের আদেশে মামলাটিতে পুনরায় অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু হয়।