অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দীর্ঘ ২৩ বছরের অপেক্ষা শেষে বাংলাদেশ দল এখন ডারউইনে অবস্থান করছে। দুই টেস্টের সিরিজ শুরুর আগে তারা মাঠে নেমেছিল তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলতে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রত্যাশামতো করতে পারেনি বাংলাদেশ—ইনিংস ব্যবধানে হেরেছে তারা।
প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২৬৩ রান। জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ সংগ্রহ করে ৩৫৫ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ৫৪ রানে। ওই ম্যাচে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি ছাড়া আর কোনো ব্যাটসম্যান পঞ্চাশের ঘর ছুঁতে পারেননি।
ডারউইনে দলের এমন পরাজয় নিয়ে জানতে চাওয়া হয় অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ট্রাভিস হেডের কাছে। তার বক্তব্য থেকে বাংলাদেশ দলের জন্য কিছুটা আশ্বাস পাওয়া যেতে পারে। হেড বলেছেন, ‘যা হওয়ার তা তো হয়েছেই। এত বছরে আমিও অনেক বাজে ম্যাচে খেলেছি। এ ধরনের (প্রস্তুতি) ম্যাচগুলোতে সব সময়ই একটা আলাদা চ্যালেঞ্জ থাকে, কারণ তখন আপনার মন অন্য কোথাও (মূল টেস্টে) পড়ে থাকে।’
১৩ আগস্ট ডারউইনে দুই দলের মূল লড়াই শুরু হবে। দ্বিতীয় টেস্ট হবে ২২ আগস্ট ম্যাকাইতে। এই দুই ম্যাচের দলে থাকা কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটারই প্রস্তুতি ম্যাচের দলে ছিলেন না।
হেডের মতে, প্রস্তুতি ম্যাচের ইনিংস হার নিয়ে বেশি উদ্বিগ্ন হওয়া উচিত নয় বাংলাদেশ দলের ক্রিকেটারদের। তিনি বলেন, ‘বাংলাদেশ দলেও এমন কিছু ক্রিকেটার থাকবে, যারা শুধু বৃহস্পতিবারের ম্যাচ নিয়ে ও সেখান থেকে তাদের কী পাওয়ার আছে, তা নিয়ে ভাবছে। তারা প্রথম ইনিংসে ভালো খেলেছে, ২৭০–এর মতো (২৬৩) রান করেছে, সেঞ্চুরিও পেয়েছে। বাইরে থেকে ফলাফল যেমনই দেখাক না কেন, তারা হয়তো কিছুটা হতাশ হতে পারে, তবে দলের ভেতর থেকে তারা কেবল বৃহস্পতিবারের ম্যাচ নিয়েই ভাবছে।’