পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রী কমিউটার’ নামের এক জোড়া নতুন ট্রেন চালু করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে তিনটায় ঢাকার কমলাপুর রেলস্টেশনে এই ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। রেলপথ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩৫ নম্বর ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনটি ঢাকা থেকে বেলা সাড়ে তিনটায় গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গন্তব্যে পৌঁছাবে। অন্যদিকে, ১৩৬ নম্বর ট্রেনটি গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। উল্লেখ্য, প্রতি শনিবার এই ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে।
ঢাকা থেকে গোপালগঞ্জ পর্যন্ত মোট ১৪৮ কিলোমিটার পথে ট্রেনটির সাতটি স্টেশনে যাত্রাবিরতি থাকবে। স্টেশনগুলো হলো— কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর ও কাশিয়ানী জংশন। আটটি কোচ বিশিষ্ট এই ট্রেনটিতে মোট আসনসংখ্যা ৬৩০টি।
রেলপথ মন্ত্রণালয়ের মতে, এই ট্রেনের ফলে গোপালগঞ্জ ও আশপাশের এলাকার শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ যাত্রীরা স্বল্প খরচে ঢাকায় যাতায়াতের সুযোগ পাবেন। এছাড়া সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নতুন এই ট্রেনের মাধ্যমে স্থানীয় কৃষিপণ্য, মাছ ও শাকসবজি তুলনামূলক কম খরচে ঢাকার বাজারে পরিবহনের সুযোগ তৈরি হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পর্যাপ্ত যাত্রীবাহী কোচ ও লোকোমোটিভের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দক্ষ সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে দায়িত্ব গ্রহণের ১৮০ দিনের মধ্যে সরকার ঢাকা-গোপালগঞ্জ রুটে এই নতুন কমিউটার ট্রেনটি চালু করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এবং মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।