ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধানের বাংলাদেশে অবস্থান এবং নির্দিষ্ট কিছু মহলের সঙ্গে তার ‘গোপন বৈঠক’কে ষড়যন্ত্রের লক্ষণ হিসেবে অভিহিত করেছেন যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু।

সোমবার (১০ আগস্ট) বিকেল ৬টায় পল্টন, বিজয়নগর ও প্রেসক্লাব এলাকায় যুব জাগপার এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই মন্তব্য করেন। সমাবেশে তিনি প্রশ্ন তোলেন, ‘ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈন প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশে কী উদ্দেশ্যে অবস্থান করছেন? কারা এই সফরের আয়োজনকারী? কার সঙ্গে তার গোপন বৈঠক হচ্ছে, তা দেশপ্রেমিক জনগণ জানতে চায়।’

মিছিল চলাকালীন অংশগ্রহণকারীরা ‘ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান দেশে কেন? দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধ করো’ স্লোগান দিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

বিএনপিকে সতর্ক করে নজরুল ইসলাম বাবলু বলেন, ‘হাসিনামার্কা দেশ বিক্রির ষড়যন্ত্র করবেন না। ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সঙ্গে দেশের মাটিতে গোপন বৈঠক নতুন কোনো ষড়যন্ত্রেরই আলামত।’

যুব জাগপা সভাপতি আরও অভিযোগ করেন যে, আওয়ামী লীগের পতনের পর ভারত এখন বিএনপিকে ব্যবহার করতে চাইছে। তিনি বলেন, ‘ভারত খুনি হাসিনার মসনদ হারিয়ে এখন আওয়ামী লীগের জায়গায় বিএনপিকে ব্যবহার করতে চাইছে। একদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করছেন, অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান আমাদের দেশের মাটিতে গোপন বৈঠক করছেন। কথাবার্তা পরিষ্কার, মুচলেকার রাজনীতি চলবে না। বাংলাদেশকে আমরা ভারতের করদ রাজ্য হতে দেব না।’

উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সহপ্রচার সম্পাদক সাইফ উদ্দিন, ঢাকা মহানগর জাগপা সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, যুব জাগপা সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের, আশিকুর রহমান, কাউছার আহমেদ এবং জাগপা ছাত্রকাফেলার ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ইমরান হাসান রাহুল।