ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এবার চারটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই এসএসসি পরীক্ষায় পাস করতে পারেনি। সোমবার (১০) জুলাই প্রকাশিত ফলাফলে এই চিত্র উঠে এসেছে।
সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এনামুল হক।
ফলাফল অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি সেগুলো হলো— মুক্তাগাছা কলেজ, শহীদ স্মৃতি গার্লস হাই স্কুল, ছাপারকোনা মণিজা আবুল গার্লস হাই স্কুল ও কদমতলী কারিপাড়া হাই স্কুল। বিস্তারিত তথ্যে দেখা যায়, মুক্তাগাছা কলেজ থেকে চারজন, শহীদ স্মৃতি গার্লস হাই স্কুল থেকে পাঁচজন, ছাপারকোনা মণিজা আবুল গার্লস হাই স্কুল থেকে ১১ জন এবং কদমতলী কারিপাড়া হাই স্কুল থেকে তিন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও কেউই উত্তীর্ণ হতে পারেনি।
বোর্ড সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যায় ছেলেরা এগিয়ে থাকলেও পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তিতে মেয়েরাই শ্রেষ্ঠত্ব দেখিয়েছে। ময়মনসিংহ বোর্ডে সামগ্রিক পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ।
পরিসংখ্যান অনুযায়ী, এই বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৮ জন। এর মধ্যে ছেলে শিক্ষার্থীর সংখ্যা ৫৩ হাজার ৮৭৭ জন এবং মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ৫১ হাজার ১৫১ জন। মোট ৬০ হাজার ২৭৪ জন শিক্ষার্থী পাস করেছে, যার মধ্যে ছেলে ২৮ হাজার ৩৭২ জন এবং মেয়ে ৩১ হাজার ৯০২ জন। ছেলেদের পাসের হার ৫২ দশমিক ৬৬ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৬২ দশমিক ৩৭ শতাংশ।
জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে। মোট ৫ হাজার ৭০০ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে, যার মধ্যে মেয়ে ৩ হাজার ৭৯ জন এবং ছেলে ২ হাজার ৬২১ জন।
ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলার মোট ১ হাজার ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এই বোর্ডের অধীনে রয়েছে।
প্রতিষ্ঠানের শতভাগ ফেলের বিষয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এনামুল হক মুক্তকণ্ঠকে বলেন, "শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা নিশ্চয়ই ভালোভাবে পড়ালেখা করেনি। এক্ষেত্রে শিক্ষকদেরও গাফিলতি থাকতে পারবে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।"