তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্পেস রোবোটিকস প্রতিযোগিতা 'অ্যানাটোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৬'-এ অভাবনীয় সাফল্য অর্জন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (জিইউবি) মার্স রোভার টিম। ২০টি ফাইনালিস্ট দলের মধ্যে বিশ্বমঞ্চে ষষ্ঠ স্থান অধিকার করার পাশাপাশি এশিয়ার অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছে তারা।
২৯ জুলাই থেকে ১ আগস্ট ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ৪০টিরও বেশি দল অংশ নেয়। কঠোর বাছাই প্রক্রিয়ার পর ২০টি দল ফাইনালে পৌঁছায়। প্রতিযোগিতার প্রতিকূল পরিবেশেও দৃঢ়তা, সমস্যা সমাধানের দক্ষতা এবং দলগত সংহতির জন্য জিইউবি মার্স রোভার টিমকে বিশেষ ‘মোস্ট রেজিলিয়েন্ট টিম’ সম্মাননা প্রদান করা হয়।
শিক্ষার্থীদের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শরীফ উদ্দিন। তিনি বলেন, ‘আজকের এই অর্জন শুধু গ্রিন ইউনিভার্সিটির নয়, সমগ্র বাংলাদেশের। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্পেস রোবোটিকস প্রতিযোগিতায় বিশ্বে ষষ্ঠ স্থান অর্জন, এশিয়ার সেরা দল হিসেবে স্বীকৃতি এবং “মোস্ট রেজিলিয়েন্ট টিম” সম্মাননা লাভ আমাদের শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও উদ্ভাবনী শক্তির আন্তর্জাতিক স্বীকৃতি। আমাদের শিক্ষার্থীরা আবারও প্রমাণ করেছে, সঠিক দিকনির্দেশনা, গবেষণাভিত্তিক শিক্ষা এবং নিরলস পরিশ্রম থাকলে বাংলাদেশের তরুণরাও বিশ্বসেরাদের সঙ্গে সমানতালে প্রতিযোগিতা করতে পারে। আমি আমাদের মার্স রোভার টিমের প্রত্যেক সদস্য, উপদেষ্টা, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই।’
অন্যদিকে, সহ-উপাচার্য অধ্যাপক খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, ‘শেষ মুহূর্তে ভিসা পাওয়া, সীমিত সময়ের মধ্যে প্রস্তুতি নেওয়া এবং নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করেও আমাদের শিক্ষার্থীরা যে সাফল্য অর্জন করেছে, তা সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক। এই অর্জন আবারও প্রমাণ করে, দৃঢ় সংকল্প, অধ্যবসায় ও দলগত প্রচেষ্টা থাকলে বাংলাদেশের শিক্ষার্থীরাও বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে।’
তুরস্কে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দলের প্রতিনিধিত্ব করেন ছয়জন শিক্ষার্থী। নেতৃত্বে ছিলেন স্টুডেন্ট টিম লিড রেজওয়ান ইনতেসার এবং ম্যানেজমেন্ট সাব-টিম লিড শাহরিয়ার বিন সালাম। দলের অন্যান্য সদস্য হিসেবে অংশ নেন সফটওয়্যার অ্যান্ড অটোনমাস সাব-টিম লিড ময়নুল হাসান জিশান, মেকানিক্যাল ডিজাইন সাব-টিম লিড বিবেক দত্ত সর্গ, মেকানিক্যাল ফ্যাব্রিকেশন সাব-টিম লিড বিশাল দত্ত স্বপ্ন এবং ইলেকট্রিক্যাল সাব-টিম লিড মো. শাহরিয়ার মাহমুদ। এছাড়া বাংলাদেশ থেকে দলের কাজে যুক্ত ছিলেন মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং সাব-টিম লিড সাফি আলম এবং সায়েন্স সাব-টিম লিড মোছা. আফরিন আক্তার ইমাসহ অন্যান্য সদস্যবৃন্দ।