তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ‘খুনি’ স্লোগান দিয়ে শাস্তিমূলক বদলি হওয়া এক কর্মকর্তাকে পুনরায় পদায়ন করে তা বিকেলেই বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রোববার (১৬ আগস্ট) মাউশির সরকারি কলেজ-১ শাখা থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে কাওছার আহমেদ নামের ওই কর্মকর্তাকে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ থেকে রাজধানীর হাজারীবাগ মহাবিদ্যালয়ে পদায়নের নির্দেশ দেওয়া হয়। তবে ওই আদেশ নিয়ে অধিদপ্তরের ভেতরে সমালোচনার ঝড় উঠলে বিকেলেই সরকারি কলেজ-২ শাখা থেকে আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে পদায়নটি বাতিল করা হয়।
জানা গেছে, কাওছার আহমেদকে গত বছর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে হাতিয়া দ্বীপ সরকারি কলেজে ওএসডি করা হয়েছিল। ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় তিনি আরও কয়েকজন কর্মকর্তার সঙ্গে মিলে মাউশি প্রাঙ্গণে খালেদা জিয়া ও ছাত্র জনতাকে লক্ষ্য করে কটূক্তি করে মিছিল করেন এবং ‘খুনি খালেদা’ বলে স্লোগান দেন।
রোববার দুপুরে হঠাৎ করেই তাকে ঢাকার হাজারীবাগ মহাবিদ্যালয়ে পদায়নের প্রজ্ঞাপন জারি করা হয়। পরবর্তীতে উপ-সচিব ড. জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, "সকালে কাওছার আহমেদকে হাতিয়া সরকারি কলেজ থেকে হাজারীবাগ মহাবিদ্যালয়ে বদলি ও পদায়নের যে আদেশ দেওয়া হয়েছিল, তা প্রশাসনিক কারণে নির্দেশক্রমে বাতিল করা হলো।"