পদ্মা সেতু হয়ে ঢাকা ও গোপালগঞ্জের মধ্যে যোগাযোগ আরও সহজ করতে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ নামের এক জোড়া নতুন ট্রেন। সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম এই ট্রেনের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপদ, সাশ্রয়ী, আধুনিক ও পরিবেশবান্ধব রেলসেবা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজধানী ও এর আশপাশের এলাকায় কার্যকর কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি আন্তঃনগর রেলসেবা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কোচ ও লোকোমোটিভের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দক্ষ সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে দায়িত্ব গ্রহণের ১৮০ দিনের মধ্যে এই নতুন ট্রেন চালু করা সম্ভব হয়েছে।

এই ট্রেন চালুর ফলে গোপালগঞ্জ ও মধ্যবর্তী এলাকার শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা স্বল্প খরচে প্রতিদিন ঢাকায় যাতায়াত করতে পারবেন। এতে রাজধানীর ওপর আবাসন ও যানজটের চাপ কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় কৃষিপণ্য, মাছ ও শাকসবজি দ্রুত ও কম খরচে ঢাকার বাজারে পৌঁছানো সম্ভব হবে, যা স্থানীয় অর্থনীতিকে গতিশীল করবে।

সময়সূচি অনুযায়ী, ১৩৫ নম্বর অভিযাত্রী কমিউটার ট্রেনটি ঢাকা থেকে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে সন্ধ্যা পৌনে ৭টায় গোপালগঞ্জে পৌঁছাবে। বিপরীত দিকে, ১৩৬ নম্বর ট্রেনটি গোপালগঞ্জ থেকে সকাল সোয়া ৭টায় ছেড়ে সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ৮টি কোচ বিশিষ্ট এই ট্রেনে মোট ৬৩০টি আসন রয়েছে।

১৪৮ কিলোমিটার দীর্ঘ এই রুটে ট্রেনটি কেরাণীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর ও কাশিয়ানী জংশনসহ মোট ৭টি স্টেশনে যাত্রাবিরতি করবে। প্রতি শনিবার ট্রেনটির সাপ্তাহিক ছুটি থাকবে।

ট্রেনটির প্রথম যাত্রায় ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।