চাঁদপুরের মেঘনা নদীতে সোমবার (১০ আগস্ট) দুপুরে তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে ‘এইচ এম পরিবহন’ নামের একটি ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে ৪ হাজার ৪০০ বস্তা শাহ সিমেন্ট ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে সিমেন্ট নিয়ে ট্রলারটি চাঁদপুরের উদ্দেশে রওনা হয়। দুপুরে চাঁদপুর নদীবন্দরের প্রবেশমুখে মোলহেড এলাকায় পৌঁছালে নদীর তীব্র ঘূর্ণিস্রোতে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মুহূর্তের মধ্যে তলিয়ে যায়।
ট্রলারটির সুকানি আইয়ুব আলী ছিলেন। দুর্ঘটনার পর আশপাশের নৌকার মাঝিরা দ্রুত এগিয়ে এসে সুকানিসহ ট্রলারে থাকা চার আরোহীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
চাঁদপুর জেলা সিমেন্টবাহী ট্রলার ও বাল্কহেড মালিক সমিতির সভাপতি আকবর হোসেন মাতব্বর বলেন, "কোম্পানির সিমেন্টের ক্ষতিপূরণ হয়তো হিসাব করে নির্ধারণ করা যাবে, কিন্তু ট্রলার মালিক হানিফ বেপারীর একমাত্র সম্বল ট্রলারটি নদীগর্ভে তলিয়ে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। এতে তার প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এই ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি সহায়তার দাবি জানাচ্ছি।"
চাঁদপুর সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, "ট্রলারডুবির এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"