দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও অগ্রগতির জন্য সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি মনে করেন, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতিই এই স্থিতিশীলতার মূল ভিত্তি।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চে আয়োজিত এক আন্তঃধর্মীয় সংলাপে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সংলাপে তথ্যমন্ত্রী বলেন, "আমাদের এই এলাকার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, আমরা বিভিন্ন ধর্মের মানুষের আবাস হিসেবে একই সঙ্গে বাস করছি। আমাদের মধ্যে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি দীর্ঘদিন ধরে চর্চা করছি এবং বহন করছি। আজকের এই আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে সেটিই নতুন করে প্রতিফলিত হয়েছে।"

সামাজিক সম্প্রীতির সঙ্গে অর্থনৈতিক অগ্রগতির সরাসরি সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, "দেশকে আরও সমৃদ্ধ অর্থনীতিতে নিয়ে যেতে হলে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। এ জন্য দেশের সব মানুষের মধ্যে সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলা জরুরি।"

তিনি আরও বলেন, "এটা কেবল সুখ-শান্তির বিষয় নয়, দেশের অর্থনৈতিক সমৃদ্ধিরও বিষয়। আমরা যদি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে না পারি, তাহলে আমাদের নাগরিকদের অর্থনীতিকে শক্তিশালী করতে পারব না।"

বাংলাদেশের অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী জানান, তৈরি পোশাক খাতের রপ্তানির ক্ষেত্রে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র অন্যতম প্রধান বাজার। এছাড়া বাংলাদেশি অভিবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, "বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ অংশীদার। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে কাজ করছে। সেই বিবেচনায় যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠতম এবং জরুরি বন্ধু ও মিত্র।"

ফাদার লিটন ফ্রান্সিস গোমেজের সভাপতিত্বে প্রায় এক ঘণ্টা স্থায়ী এই সংলাপে মুসলিম, হিন্দু ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরনদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। সংলাপে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, বশির আহম্মেদ পান্না, ধর্মীয় নেতা মাওলানা আসাদুজ্জামান, যতীন্দ্রনাথ মিস্ত্রী ও ফাদার মাইকেল দেউরি প্রমুখ। এ সময় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংলাপ শেষে গৌরনদী উপজেলার সরিকল এলাকায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও তার স্ত্রী। রাষ্ট্রদূত সস্ত্রীক গৌরনদীতে আসায় এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।