চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছেন অকৃতকার্য প্রার্থী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে নাচোল উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে। এর ফলে সরকারি দপ্তরগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের পর অকৃতকার্য প্রার্থী এবং বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপজেলা পরিষদ চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, মেধা ও যোগ্যতা উপেক্ষা করে আর্থিক লেনদেন এবং রাজনৈতিক বিবেচনায় নির্দিষ্ট কিছু প্রার্থীকে উত্তীর্ণ করা হয়েছে।

বিক্ষোভে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সহসভাপতি আমানুল্লাহ আল মাসুদ, সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাধারণ সম্পাদক দুরুল হোদা এবং যুবদলের সাধারণ সম্পাদক আজীমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে নেতারা অভিযোগ করেন, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের উত্তীর্ণ করা হয়েছে। তারা বিতর্কিত নিয়োগ কমিটির সদস্যদের অপসারণ, প্রকাশিত ফলাফল বাতিল এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবি জানান।

আন্দোলনের একপর্যায়ে বিক্ষোভকারীরা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কার্যালয় থেকে বের করে দিয়ে প্রবেশপথে তালা ঝুলিয়ে দেন।

ঘটনা প্রসঙ্গে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, "দুপুরের দিকে বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করে ইউএনও কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এরপর আমরা ঘটনাস্থল থেকে চলে এসেছি। এখন তালা খোলা হয়েছে কি না, তা আমার জানা নেই। ইউএনও স্যার এ বিষয়ে বলতে পারবেন।"

এই বিষয়ে বক্তব্য জানতে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাসের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।