২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় খাগড়াছড়ির তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে মোট ৪২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।

শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠান তিনটি হলো— ভাইবোনছড়া গার্লস হাই স্কুল, জারুলছড়ি হেডম্যান পাড়া হাই স্কুল ও তারাবানিয়া হাই স্কুল। অন্যদিকে, জেলার লোগাং উচ্চবিদ্যালয়ের পাসের হার অত্যন্ত কম, মাত্র ৮ শতাংশ।

সারা দেশের সাথে খাগড়াছড়ি জেলাতেও একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলার নয়টি উপজেলায় মোট ২৪টি কেন্দ্রে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে। সাধারণ শিক্ষা, ভোকেশনাল ও দাখিল মিলিয়ে খাগড়াছড়িতে মোট ৯ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

তিনটি স্কুলের কোনো শিক্ষার্থী পাস না করায় সংশ্লিষ্ট মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে ওই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান, পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয়টি এখন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

এ বিষয়ে খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র সিকদার মুক্তকণ্ঠ বলেন, "এই পর্যন্ত আমরা খাগড়াছড়ির তিনটি প্রতিষ্ঠানের ফলাফল পেয়েছি। যেখানে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বিষয়টি অবশ্যই উদ্বেগজনক। ফলাফল বিশ্লেষণ করে কোথায় সমস্যা হয়েছে তা চিহ্নিত করা হবে।"

তিনি আরও জানান, পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি জেলায় নেটওয়ার্কের সমস্যার কারণে এখনও পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যায়নি। বাকি প্রতিষ্ঠানের ফলাফল হাতে এলে বিস্তারিত জানানো হবে। পাশাপাশি যে তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ অকৃতকার্য হয়েছে, সেই স্কুলগুলোর শিক্ষকদের সঙ্গে আলোচনা করে দুর্বলতা চিহ্নিত করা হবে এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।