বিদেশে উচ্চশিক্ষার টিউশন ফি এবং অন্যান্য অনুমোদিত শিক্ষাসংক্রান্ত ব্যয় পরিশোধের প্রক্রিয়া সহজ করতে আন্তর্জাতিক ডেবিট, প্রি-পেইড ও ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং অনলাইনে শিক্ষা সংক্রান্ত অর্থ পরিশোধের কাজ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

আজ সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো শিক্ষার্থী অথবা তাঁর শিক্ষার ব্যয় বহনকারী ব্যক্তির নামে এই কার্ডগুলো ইস্যু করতে পারবে। বিদেশি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ভর্তি প্ল্যাটফর্মে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করে জানিয়েছে, শিক্ষাব্যয় পরিশোধের জন্য করা এই লেনদেনগুলো ভ্রমণ কোটার সঙ্গে সমন্বয় করা হবে না। অর্থাৎ, শিক্ষার জন্য অনুমোদিত এই অর্থ পরিশোধের সুবিধা বিদ্যমান ভ্রমণ সুবিধার বাইরে আলাদাভাবে বিবেচিত হবে।

নিয়ম অনুযায়ী, কার্ডটি শিক্ষার্থীর নামে অথবা যিনি শিক্ষাব্যয় বহন করছেন, তাঁর নামেই ইস্যু করা হবে। এক্ষেত্রে নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট এডি ব্যাংকের ওপর। এছাড়া, নির্ধারিত সময়সীমার মধ্যে শুধুমাত্র অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধের জন্যই এই কার্ড ব্যবহার করতে হবে।

পাশাপাশি, এডি ব্যাংকগুলোকে যথাযথ রেকর্ড সংরক্ষণ এবং নির্ধারিত পারপাস কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকে সব লেনদেনের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।