মিরপুরে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ এইচপি। মঙ্গলবার বাংলাদেশ এইচপির সামনে মালয়েশিয়ার সংগ্রহ ছিল ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান।

বাংলাদেশ এইচপির পক্ষে জিসান আহমেদের ঝোড়ো ফিফটি ম্যাচ ঘুরিয়ে দেয়। ৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে তারা রান পেরিয়ে যায়। এর আগে মালয়েশিয়ার ইনিংসে ২ উইকেট পড়ে ১৯ রানেই। তৃতীয় উইকেটে ৫০ ছাড়ানো জুটি গড়েন সাইদ আজিজ ও আহমেদ আকিল। শেষ পর্যন্ত ম্যাচে মালয়েশিয়ার ‘অর্জন’ বলতে এটুকুই—এমনই নিয়ন্ত্রণ ছিল প্রতিপক্ষের ব্যাটিংয়ের ওপর।

টস জিতে আজ ব্যাট করতে নামা মালয়েশিয়া তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায়। ৫ বলে শূন্য রান করে মোহাম্মদ রুবেলের বলে বোল্ড হন সাইফ উল্লাহ। এক ওভার পর ২০ বলে ১৮ রান করা আসলাম খানকে আউট করেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।

দুই ওপেনারকে হারানোর পর ৫৮ রানের জুটি গড়েন সাইদ আজিজ ও আহমেদ আকিল। দুজনই ফিরেছেন আবু হায়দারের বলে ক্যাচ দিয়ে। ৫২ বল খেলে আজিজ ৪০ এবং ৩৩ বলে ৩০ রান করেন আকিল।

অল্প পুঁজি নিয়ে লড়াই করতে পারেনি মালয়েশিয়া। ১৯ বলে ফিফটি পান ওপেনার জিসান আলম। ২ চার ও ৭ ছক্কায় ২১ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন তিনি। আরেক ওপেনার জাওয়াদ আবরার ৮ বলে ২৩ রান করে আউট হন।

এর পর দুই দল পরশু বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে।