মাধ্যমিক ও সমমান পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সেরা দশটি প্রতিষ্ঠানের মধ্যে ষষ্ঠ স্থান এবং তিন পার্বত্য জেলার মধ্যে শীর্ষস্থান অধিকার করায় উল্লাসে ভাসছে প্রতিষ্ঠানটি। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার পরীক্ষায় অংশ নিয়েছিল ১৬১ জন শিক্ষার্থী। তাদের সবাই পাস করার পাশাপাশি ৫৯ জন জিপিএ-৫ অর্জন করেছে, যা মোট পরীক্ষার্থীর ৩৬.৬৪ শতাংশ। এই বিশেষ সাফল্যের খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে এই খুশির মুহূর্ত ভাগ করে নেন প্রতিষ্ঠানের সবাই। শিক্ষার্থীদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয় প্রধান।
সাফল্যের মূল কারণ হিসেবে শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, কঠোর পরিশ্রম এবং পরিবারের সহযোগিতাকে গুরুত্ব দিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থী জুঁই চাকমা বলেন, "আমাদের শিক্ষকরা পড়াশোনার ক্ষেত্রে সব সময় আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। পরিবার থেকেও পেয়েছি সর্বোচ্চ সহযোগিতা। নিজেদের পরিশ্রম, শিক্ষক ও পরিবারের সহযোগিতার ফলে আমরা আজকের এই সাফল্য অর্জন করতে পেরেছি।"
শিক্ষক তুষার কান্তি দাশ জানান, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের পাশাপাশি নিয়মিত পাঠদান, একাডেমিক তদারকি এবং পরীক্ষার প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কারণে এই ভালো ফল অর্জন সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, "তিন পার্বত্য জেলার মধ্যে প্রথম এবং চট্টগ্রাম বোর্ডে ষষ্ঠ স্থান অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। এই ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রচেষ্টা চালিয়ে যাবে।"