এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় প্রবাসে ৪০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ৩৫৪ জন পাস করেছে। বিদেশে অনুষ্ঠিত পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৮৮ দশমিক শূন্য ৬ শতাংশ।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিদেশের ৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী ৪০২ জনের মধ্যে ৩৫৪ জন সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তবে ৪৮ জন ফেল করেছে। উল্লেখযোগ্য যে, দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ পাসের রেকর্ড রয়েছে, অন্যদিকে একটি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ছিল।