বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এই কথা জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
হাইকমিশনার বলেন, "গণতান্ত্রিক দেশে অনেক ইস্যু থাকবে, তবে সবই সমাধনযোগ্য।"
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে জানান, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। ওই সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
গত জুন মাসে ঢাকায় দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী। এর আগে গতকাল রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের শুরুতে দুই দেশের কর্মকর্তারা উপস্থিত থাকলেও পরবর্তীতে দীনেশ ত্রিবেদী ও খলিলুর রহমান আধা ঘণ্টার বেশি সময় রুদ্ধদ্বার আলোচনা করেন।
উল্লেখ্য, গত ২৫ জুন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে ঢাকায় ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে দায়িত্ব শুরু করেন দীনেশ ত্রিবেদী। এরপর ২৯ জুলাই তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করেন এবং গতকাল দ্বিতীয়বারের মতো বৈঠক করেন। দায়িত্ব গ্রহণের দিনই ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন করেন তিনি, যেখানে প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালুর ঘোষণা দেন তিনি।