বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্স সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আর্থিক সংকট ও নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ জানিয়েছেন। বেতন হাতে না পাওয়ায় স্ত্রী ও সন্তানদের খাবারের জন্য অর্থ পাঠাতে পারছেন না বলে দাবি করেছেন এই ব্রিটিশ কোচ।

সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে জেরার্ড নিজের মানসিক অবস্থার কথা তুলে ধরেন। পরিবার ও নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকার পাশাপাশি বারবার অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার কথাও জানান তিনি।

আর্থিক সংকটের কথা জানিয়ে জেরার্ড লিখেছেন, ‘আমি বেতনের অপেক্ষায় আছি। আমার কাছে কোনো টাকা নেই এবং স্ত্রী ও সন্তানদের খাবারের জন্য অর্থ পাঠাতে পারছি না।’

পোস্টের শেষ দিকে আরও উদ্বেগজনক দাবি করেন বাংলাদেশের বয়সভিত্তিক দলের এই কোচ। তিনি লেখেন, ‘আমি আমার জীবনের জন্য শঙ্কিত এবং খুব ভয়ে আছি।’

তবে কোন ঘটনা বা পরিস্থিতির কারণে নিজের নিরাপত্তা নিয়ে এমন শঙ্কায় পড়েছেন, পোস্টে তা পরিষ্কার করেননি জেরার্ড। বাংলাদেশে অবস্থানকালে তাকে ঘিরে নিরাপত্তাজনিত নির্দিষ্ট কোনো ঘটনার তথ্যও এখন পর্যন্ত জানা যায়নি।

জেরার্ডের বেতন না পাওয়ার দাবির সঙ্গে অবশ্য একমত নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে-সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে দেশের একটি গণমাধ্যম জানিয়েছে, তার বেতনের অর্থ ইতিমধ্যে ব্যাংক হিসাবে জমা হয়েছে। তবে করসংক্রান্ত কিছু আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় সেই অর্থ পরিবারের কাছে পাঠাতে বিলম্ব হচ্ছে। এ বিষয়ে বাফুফে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই সামনে রেখে বর্তমানে বাংলাদেশ দলের প্রস্তুতি চলছে। যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে দলের আবাসিক ক্যাম্প পরিচালনা করছিলেন জেরার্ড। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার ক্যাম্প ছেড়ে ঢাকায় এসেছেন তিনি।

বাছাইপর্বে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক উজবেকিস্তান, সিরিয়া ও ভারত। গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতার প্রস্তুতির মধ্যেই প্রধান কোচের এমন প্রকাশ্য অভিযোগ নতুন উদ্বেগ তৈরি করেছে।