দিনাজপুরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষের ভেতরে এক পুলিশ পরিদর্শককে থাপ্পড় মারার অভিযোগে জেলা কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান মজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মো. নুর নবী।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে এই ঘটনায় মুজিবুর রহমান মজিব এবং আরও দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ৩২৩/২০৬/৩৩২/৩৫৩/৫০৫/ ৬এর ২/৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রোববার রাত ১টার দিকে কোতোয়ালি থানার ওসির কক্ষে এই ঘটনা ঘটে। সেই সময় ওসি তার কক্ষে উপস্থিত ছিলেন না। একটি মামলার তদন্ত কাজে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ পরিদর্শক নওবুর রহমান সাদা পোশাকে ওসির রুমে বসে ছিলেন। ওই সময় অভিযুক্ত মুজিবুর রহমান মজিব আরও দুই সহযোগীকে নিয়ে সেখানে প্রবেশ করেন এবং ওসির অবস্থান জানতে চেয়ে কথা কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে মজিবুর রহমান মজিব পুলিশ পরিদর্শক নওবুর রহমানের গালে থাপ্পড় মারেন। ঘটনার পরপরই ডিউটিরত পুলিশ সদস্যরা তাকে আটক করে।
কোতোয়ালি থানার ওসি মো. নুর নবী জানান, পুলিশ পরিদর্শক নওবুর রহমান বাদী হয়ে মামলাটি করেছেন এবং আসামিকে ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে।