ক্রিস্টিয়ানো রোনালদোর বিয়ে—এমন খবর ছড়াতেই পর্তুগালে ফুনশাল শহরের এক ক্যাথেড্রারের সামনে জমে ওঠে কৌতূহলী মানুষের ভিড়। স্থানীয় সময় শনিবার বিকেলে সেখানে জড়ো হন শত শত মানুষ; ইউরোপের কয়েকটি সংবাদমাধ্যমে রোনালদো ও জর্জিনার বিয়ের তারিখ ও স্থান সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পরই এই ভিড় তৈরি হয়।
তবে ঘটনাস্থলে উপস্থিত সবাই যা আশা করেছিলেন, বাস্তবে তা ঘটেনি। ক্যাথেড্রারে বিয়ে হয় নিকোল ও ফাবিও নামের দুজনের। নিকোলের প্রবেশের সময় রাস্তার দুই পাশে কৌতূহলী মানুষ ভিড় করে থাকলেও, কনে দেখে তাদের ভুল ভাঙে।
ফুনশাল ক্যাথেড্রালও বিষয়টি পরে নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিকোল ও ফাবিওকে অভিনন্দন জানিয়ে দেওয়া এক পোস্টে তারা লিখেছে, রোনালদোকে ঘিরে তৈরি হওয়া গুঞ্জনে বাইরে অনেক সাংবাদিক ও পর্যটকের ভিড় হয়েছিল। আরেক পোস্টে ক্যাথেড্রাল কর্তৃপক্ষ জানিয়েছে, এমন পরিস্থিতি তারা আগে কখনো দেখেনি। এত মানুষের ভিড়ের কারণে নিকোলের জন্য গির্জায় ঢোকাই কঠিন হয়ে পড়েছিল।
এদিকে গুজবের পেছনের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছিল ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান-এর সাম্প্রতিক প্রতিবেদন। সেখানে বলা হয়, শনিবার মাদেইরায় রোনালদো ও জর্জিনার বিয়ে হবে। শুধু তারিখ বা স্থান নয়, বিয়ের সময়, ফুনশালের স্যাভয় প্যালেসে অনুষ্ঠান এবং অতিথিদের সম্ভাব্য তালিকা—এসব নিয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। আরও কিছু গণমাধ্যমও একই ধরনের খবর দেয়।
কিন্তু বাস্তবে দেখা যায়, পুরো ঘটনাটিই ছিল গুজব। রোনালদোর পরিবারের পক্ষ থেকেও এই গুঞ্জনকে উড়িয়ে দেওয়া হয়। তাঁর বোন এলমা আভেইরো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তোলেন, রোনালদো নিজেই যখন বিয়ের ঘোষণা দেননি, তখন মানুষ কেন ধরে নিচ্ছে তিনি বিয়ে করতে যাচ্ছেন?
রোনালদো নিজেও বিষয়টি নিয়ে বেশ মজা করেছেন। মাদেইরার একটি সংবাদমাধ্যমের ইনস্টাগ্রামে প্রকাশিত ক্যাথেড্রালের বাইরের ভিড়ের ছবি দেখে হাসির ইমোজি দিয়েছেন আল নাসর তারকা।
জর্জিনাও বুঝিয়ে দিয়েছেন, সেদিন তাঁর বিয়ে হওয়ার প্রশ্নই নেই। বিয়ের সম্ভাব্য সময়ের কাছাকাছি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁকে দেখা যায় একেবারেই সাধারণ পোশাকে।
সব মিলিয়ে রোনালদো ও জর্জিনার বিয়ের খবরটি শেষ পর্যন্ত গুজবই প্রমাণিত হয়। তবে গুজবের কারণে নিকোল ও ফাবিওর বিয়ে হতে হয়েছে একটু অন্য রকম পরিবেশে—রোনালদোর বিয়ের খবর দেখতে আসা শত শত অপরিচিত মানুষ তাঁদের অতিথির সঙ্গে যোগ দেয়।
স্থানীয় সংবাদমাধ্যম দিয়ারিও দে নতিসিয়াস দা মাদেইরাকে এক অতিথি মজা করে বলেছেন, ‘আমাদের তো মনে হচ্ছে আমরা তারকা হয়ে গেছি।’
রোনালদো ও জর্জিনার বিয়ের পরিকল্পনা আছে বলেও জানা যায়। গত বছরের আগস্টে তাঁদের বাগ্দান হয়। তবে কবে বিয়ে করবেন—তা এখনো জানাননি দুজন।