২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৯.৪৮ শতাংশ। এ বোর্ডে মোট ৭৭ হাজার ৪৫৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

প্রকাশিত তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বোর্ডে এবার মোট ১ লাখ ৩০ হাজার ৬৮২ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিলেন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৩০ হাজার ২১৯ জন এবং অনুপস্থিত ছিলেন ৪৬৩ জন।

অন্যান্য শিক্ষা বোর্ডের ন্যায় চট্টগ্রাম বোর্ডেও ছেলেদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। এ বোর্ডে ছাত্রীদের পাসের হার ৬০.০৩ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৫৮.৭৬ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ছাত্রী ৪৪,৪২০ জন এবং ছাত্র ৩৩,০৩৩ জন। অন্যদিকে, মোট ৫২ হাজার ৭৬৬ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

সারাদেশের সামগ্রিক চিত্র বিশ্লেষণে দেখা যায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ, যার বিপরীতে চট্টগ্রাম বোর্ডের পাসের হার কিছুটা কম (৬২.২১%)। এছাড়া মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ সর্বমোট পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে।

ফলাফল সংগ্রহের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ওয়েবসাইট https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওই ওয়েবসাইটের ‘রেজাল্ট’ কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের ‘ইআইআইএন’ এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করবে। এছাড়া শিক্ষার্থীরা তাদের নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল জানতে যেকোনো নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এসএমএস-এর নিয়ম হলো: এসএসসি <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ- এসএসসি ঢা ১২৩৪৫৬ ২০২৬ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

ফলাফলে সন্তুষ্ট না হলে সংক্ষুব্ধ পরীক্ষার্থীরা আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে খাতা পুনর্নিরীক্ষণের (চ্যালেঞ্জ) আবেদন করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত নির্দেশিকা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। উল্লেখ্য, কোনো শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিসে সরাসরি গিয়ে ফলাফল পাওয়া যাবে না।