২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬৫.৪২ শতাংশ। এই বোর্ডে মোট ৯৫ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

প্রকাশিত তথ্যানুযায়ী, কুমিল্লা বোর্ডে এবার মোট ১ লাখ ৪৭ হাজার ২২৫ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন এবং ১ হাজার ৩৯০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

পাসের হারের ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। এই বোর্ডে ছাত্রীদের পাসের হার ৬৬.৮৮ শতাংশ হলেও ছেলেদের পাসের হার ৬৩.২৪ শতাংশ। মোট উত্তীর্ণদের মধ্যে ছাত্রী সংখ্যা ৫৮,১৯৬ জন এবং ছাত্র সংখ্যা ৩৭,২০৩ জন। অন্যদিকে, মোট ৫০ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

সামগ্রিক পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ। এছাড়া মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ সব বোর্ড মিলিয়ে দেশজুড়ে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে।

ফলাফল সংগ্রহের প্রক্রিয়া
শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। প্রতিষ্ঠানগুলোকে ওয়েবসাইটের ‘রেজাল্ট’ কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ‘ইআইআইএন’ ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে হবে।

পরীক্ষার্থীরা তাদের নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

এছাড়া যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল সংগ্রহ করা যাবে। এসএমএস-এর নিয়ম হলো: এসএসসি <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ: এসএসসি ঢা ১২৩৪৫৬ ২০২৬ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

পুনর্নিরীক্ষণ আবেদন
ফলাফলে সন্তুষ্ট না হলে পরীক্ষার্থীরা আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে খাতা পুনর্নিরীক্ষণের (চ্যালেঞ্জ) আবেদন করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত নির্দেশিকা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কোনো শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিসে সরাসরি এসে ফলাফল পাওয়া যাবে না।